
রাজধানী ঢাকার গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে তাতে আগুন দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়িয়া মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের রেলিংয়ের সাথে শেখ হাসিনা, শেখ মুজিব ও বাহাউদ্দীন নাসিমের ছবি সংবলিত ব্যানারটি ঝুলতে দেখা যায়। ব্যানারটি দেখে ছাত্রদল নেতা জাফর ফ্লাইওভারে উঠে ব্যানারটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন।
এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন, এই দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমরা রাখব না। খুনি হাসিনা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। জনগণের প্রতিরোধের মুখে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে।
আরটিভি/এসএইচএম


