
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপ-পরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনানীর কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা সংলগ্ন এলাকার মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেনের ভাড়াকৃত তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে এই অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ১০ গ্রাম ওজনের ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৩,২০০ টাকা উদ্ধার করে।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। এছাড়া পলাতক প্রধান আসামি হিসেবে রয়েছে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেন (২৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পলাতক আসামি মো. রাকিব হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করছেন।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে বনানী থানায় একটি মামলা করেছেন।
আরটিভি/এসএস




