
রাজধানী ঢাকার উত্তরায় দ্রুতগামী এক কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫) নামে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া চাচাতো ভাই মনির বলেন, আমার ভাই পোস্তগোলার একটি (পুরোনো লোহা কেনা বেচা) দোকানের কর্মচারী ছিলেন। সকালে আমার ভাই ও তার সঙ্গে ফালু মিয়া নামের আরও একজন উত্তরার জসীমউদ্দিন রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ফালু মিয়ার মৃত্যু হয়। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিযলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি উত্তরার জসিম উদ্দিন রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনিও মারা যান। এই ঘটনায় কাভার্ডভ্যান ও ড্রাইভার বিমানবন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
আরটিভি/এসএইচএম


