
ঢাকার পশ্চিম জুরাইনের রুবেল নামের এক যুবক তার স্ত্রীর বড় ভাই মো. আকাশকে ফোন করে বলেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুরাইনের ভাড়া বাসায় গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তার স্বামী রুবেল ছিলেন না। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
জানা গেছে, সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তার বাবার নাম মৃত সুলতান মিয়া। তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পালিয়ে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে নেননি।
সূচনার বড় ভাই মো. আকাশ বলেন, বিয়ের কিছুদিন পর তারা জানতে পারেন, রুবেল আগে আরও একটি বিয়ে করেছেন। তার সেই স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। এ নিয়ে সূচনা ও রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রুবেল কোনো কাজকর্ম করতেন না, নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই সূচনার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না চাইলে তাকে নির্যাতন করতেন।
আকাশ আরও বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সূচনা নির্যাতনের বিষয়গুলো মুখ বুজে সহ্য করতেন। কাউকে তেমন কিছু জানাতেন না। সোমবার (১০ নভেম্বর) রাতেও তাকে মারধর করা হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।
আকাশের অভিযোগ, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে মৃত্যুর খবর দিয়ে রুবেল বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তারা শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন।
ময়নাতদন্ত শেষে সূচনার মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আকাশ।
এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময় সূচনাকে মারধর করা হতো। তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আরটিভি/এমএ



