
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঢাকায় ফিরছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী এলাকা ঘুরে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তবে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যানবাহন চলাচল সীমিত থাকতে দেখা গেছে।
সরেজমিনে বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, টার্মিনাল এলাকায় যাত্রীর চাপ বাড়ছে।
গোল্ডেন পরিবহনের কাউন্টার মাস্টার মো. বিল্লাল বলেন, আমাদের গাড়িগুলো শিডিউল মেনেই চলাচল করছে। দিন বাড়ার সঙ্গে যাত্রীও বাড়বে বলে মনে করি।
তিনি বলেন, ভোর সাড়ে ৬টা থেকে আমাদের গাড়ি চলাচল শুরু করেছে। রাস্তায় কোথাও এখনও কোনো ঝামেলায় পড়তে হয়নি। এখন পর্যন্ত ৯টা গাড়ি ঢাকা ছেড়ে গেছে।
কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরা জুলহাস বলেন, সব কিছু স্বাভাবিক। সরকারকে ধন্যবাদ জানাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ২৪-এর পর আমরা দেশে কোনো নাশকতা দেখতে চাইনা। এ ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।
রংপুরের যাত্রী রেদোয়ান বলেন, ভেবেছিলাম জ্যাম কম থাকবে আজ। এসে দেখি যাত্রী ও জ্যাম দুটোই বেশি।
আরটিভি/এসএস


