
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৬, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১১, গুলশান বিভাগ ৩০, উত্তরা বিভাগ ৪৪ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম



