
ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার চান্দিনায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশনের কাছে চারটি যানবাহনের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি বলেন, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ওই বাসের পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। পরে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলা একটি মাইক্রোবাস।
তিনি বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। লরির পেছনে প্রথম বাসটির ধাক্কা লাগার পর একের পর এক পেছনের গাড়িগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারটি যানবাহনই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রানা বলেন, হাসপাতাল থেকে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের সবার নাম-ঠিকানা এখনো নিবন্ধন করা সম্ভব হয়নি। এ কারণে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরটিভি/এসএইচএম


