
হবিগঞ্জের মহাসড়কে সকল সিএনজি নছিমন অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে সারাদেশের সাথে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ২টায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সাথে বাস মালিক-শ্রমিকদের বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা আড়াইটা থেকে পুনরায় আবারো বাস চলাচল শুরু হয়। বৈঠকে হবিগঞ্জ সদর থানা পুলিশসহ বাস মালিক শ্রমিক নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
এর পূর্বে রোববার সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রেখে বাসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাড় করিয়ে রাখা হয়ে ছিল। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকেই আমরা পুনরায় বাস চলাচল শুরু করেছি।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আমাদের কথা দিয়েছেন। আজ থেকে মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবেন। আগামী ১০ দিন পর প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে আমাদের অবগত করবেন।
জিএম/জিএ




