
হঠাৎ করেই বরগুনায় শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অন্তত শতাধিক রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজন অনুযায়ী, সেই পরিমাণ বেড না থাকায় মেঝেতেই ঠাঁই মিলেছে অনেকের। চিকিৎসক সংকটে রোগীদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।
বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৬২ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ডায়রিয়া বিভাগে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
হাসপাতাল সূত্র আরও জানায়, মার্চের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। প্রথম সপ্তাহে গড়ে ২০ জনের মতো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। গত তিন দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে ৪০ জনে পৌছায় এবং সবশেষ ২৪ ঘণ্টায় তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ২৩০ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৯৮ জন ভর্তি রয়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে মাত্র আটটি বেড রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে বিছানা পেতেছেন। হাসপাতালের নিচতলার মেঝেতে অনেকেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই নারী-শিশু ও বৃদ্ধ। মেঝের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করেই চিকিৎসা নিতে হচ্ছে তাদেরকে। এতে রোগীদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এল/পি




