
রাজধানীর উত্তরায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. মাইদুল ইসলাম (২৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (৫ ডিসেম্বর) রাতে বাড্ডা সাতারকুল শাহাবুদ্দিন রোড এলাকায় একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অচেতন অবস্থায় উদ্ধার করে মাইদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মাইদুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আশেক আলীর সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার চার মাস বসয়ী এক পুত্রসন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরএ/টিআই




