
মুখ ও মাথা ঢাকা অবস্থায় নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তারই শিক্ষক স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন। শুধু নির্বাচনী সভায় নয় তারা ওই ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদেরও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। যার অনুলিপি দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
লিখিত অভিযোগে জানানো হয়েছে, হাটপাচিলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির আক্তার খান তরু লোদি।
কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পেশকার আলী প্রমুখ।
সভায় অতিথিদের ঠিক পেছনে সারিবদ্ধ অবস্থায় মুখে কালো কাপড় দিয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ন্যায় শারীরিক গঠনের অজ্ঞাত এসব ব্যক্তিদের অবস্থানে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী, তার সমর্থক, কর্মী ও জনসাধারণকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শনিবার (১১ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার আরটিভি নিউজকে বলেন, বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম পরাজয়ে আতঙ্কিত। তিনি বিভিন্ন সভা-সমাবেশে আমার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। বহিরাগতদের এনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী উল্টো প্রশ্ন করেন, কালো কাপড় পড়ায় আইনি কোনো বাধা আছে নাকি? পরে বলেন, আমি বক্তব্য দেওয়ার সময় সামনের দিকে তাকিয়ে ছিলাম, পেছনে কারা ছিল-আমি দেখতে পাইনি। যতদূর সম্ভব ষড়যন্ত্র করে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) এই কাজটি করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, চতুর্থ ধাপের নির্বাচনে কৈজুরী ইউনিয়নের নৌকার প্রার্থী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তাকে তলব করা হলে তিনি মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও বলেন, এরপরও যদি নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/এসকে




