
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে চলছে বালু উত্তোলন। নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার ও ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে কৌশলে উত্তোলন করা হচ্ছে বালু। এসবের কারণে হুমকির মুখে পড়ছে মৎস্য প্রজনন ও নদীর জীববৈচিত্র্য।
হালদা নদী রক্ষায় প্রায় সময় অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। কিন্তু এ অভিযানের তোয়াক্কা করছে না বালু উত্তোলনকারীরা। প্রতিনিয়তই হালদা নদীর বিভিন্ন অংশে উত্তোলন করা হচ্ছে বালু; যার কারণে হালদার নানামুখী ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য চাষীরা।
জানা গেছে, হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। জায়গাগুলো হলো- নাঙ্গলমোড়া বাজার, চৈতারো ঘাটা ও চাটাল গাছতল (চাইলদা তল)।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, কয়েকটি প্রভাবশলী সিন্ডিকেট গ্রুপে ভাগ হয়ে হালদার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে। এক জায়গায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে অন্য জায়গা থেকে বালু উত্তোলন করে তারা। কোনভাবেই এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারি দলের নাম ভাঙিয়ে অবাদে বালু উত্তোলন করা হলেও অনেক ভয়ে কিছু বলছে না।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. শাহিদুল আলম আরটিভি নিউজকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। আমাদের নিয়মিত অভিযান চলছে। যারা হালদার ক্ষতিসাধন করে বালুর ব্যবসা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক আইনের আওতায় আসতে হবে।
এমআই




