
কুমিল্লার দাউদকান্দি উপজেলার এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমন (১৮) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি গ্রামে এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমনের সঙ্গে একই এলাকার মো. নাছির উদ্দিন ও মুরগা নাছির (৪০) ও তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এদিকে গত ২০ ডিসেম্বর ইমন নারিকেলতলা নূরানি মাদরাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে যাওয়ার পথে দুর্বৃত্তরা ইমনকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত পৌনে ১০টায় ইমনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা জামাল হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করে।
র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, দাউদকান্দি থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার নিকট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের হস্তান্তর করা হয়েছে।
জিএম/এসকে




