
তফসিল অনুযায়ী দেশের ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের অংশ হিসেবে আগামী রোববার (২৬ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের নির্দেশ উপেক্ষা করে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানছে না। প্রতীক বরাদ্দের পূর্বেই ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান এবং ইউপি সদস্য প্রার্থীরা আচরণবিধির তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
প্রতীক বরাদ্দের পর নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা। প্রশাসনের নজরদারির পরও নিয়ম না মেনে আচরণবিধি লঙ্ঘন করে ইচ্ছামতো প্রচাকার কাজ চালাচ্ছেন চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।
প্রচারণায় প্রার্থীরা পোস্টার লাগানোর নিয়ম না মানা, মিছিলের নিয়ম এমনকি হাজার হাজার লোকের সমাগম করে বাড়িতে দাওয়াত করে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। অবশ্য মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনার পর আবারও প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন।
এদিকে বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় । ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব ওরফে (মাঝি) বাড়িতে চলছে শতাধিক লোকের সমাগম। বাড়ির সামনে ফাঁকা জায়গায় প্রায় দুই হাজার লোকের ভূরিভোজের আয়োজন। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে পাতিলে করে খাবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। খাবার আয়োজনের ছবি তুলতে গেলে আবু তালেব সাংবাদিকদের বাধা দেয়। তিনি বলেন আপনারা মিছিলের ছবি তুলেন কিন্তু খাবারের ছবি তুলবেন না। কারণ আমি আওয়ামী লীগের নেতা। আপনারা চলে যান আমি সন্ধ্যার পর দেখা করবো।
ঘটনাস্থল হতে বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীকে অবহিত করা হলে তিনি বোদা থানার ওসিসহ ঘটনাস্থলে এসে ইউপি সদস্য প্রার্থী আবু তালেব সহ আরও দুইজন প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ভবিষ্যৎ এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করেন।
বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সরকার জানান নির্বাচন কমিশন থেকে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আচরণবিধি ভঙ্গকারী ও প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ সদস্য পদে ৩৮৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৩৬৬ নারী ভোটার ৭৫ হাজার ৬৯৬ জন।
এমআই




