
বান্দরবানের রোয়াংছড়ির তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ পর্যটক আহনাফ আকিবের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তার মরহেদ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের ছেলে আহনাফ আকিব (২২)। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন আট পর্যটক। সবাই স্রোতে ভেসে যান। এরমধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মারিয়া ইসলামকে (১৯) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহনাফ ও আদনিন নামের দুই ভাই-বোন নিখোঁজ থাকেন। আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তাদের মামা শামীম আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি দল বুধবার সকালে বান্দরবান ভ্রমণে আসেন। তারা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। শুক্রবার বিকেলে তারা নৌকা নিয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ঝর্ণায় পৌঁছায়। ঝর্ণা দেখার পরে তারা সবাই সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। মারিয়া নদীতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আহনাফ ও আদনিন।
নৌকার চালক সনজিৎ জানান, সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। তখন আকিব ও আদনিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রোয়াংছড়ির ওসি মো. মান্নান জানান, নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জিএম/এসকে




