
রাত পোহালেই সীমান্ত উপজেলা টেকনাফের দুটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ ডিসেম্বর) টেকনাফ পৌরসভায় ইভিএমএ পদ্ধতিতে প্রথমবারের মতো ভোটগ্রহণ এবং বাহারছড়া ও সেন্টমার্টিন ইউপিতে ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারে। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।
জানা গেছে, একটি পৌরসভা ও দুটি ইউপির ২৮ ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে পৌরসভায় পাঁচটি, বাহারছড়ায় সাতটি ও সেন্টমার্টিনে একটি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল-টিম ও স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।
জিএম/এসকে




