
অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত রয়েছে। তবে অবৈধ সংযোগ বৈধ করার ক্ষমতা তিতাসের নেই। এই ক্ষমতা সরকারের। সরকার চাইলে অবৈধ সংযোগগুলোকে নতুন করে বৈধতার আওতায় আনতে পারে বলে মন্তব্য করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে তিতাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে এ সময় উপস্থিত গ্রাহকদের দাবি ছিল- যেন গ্যাসের দাম বাড়ানো না হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর সেগুলো আবার চালু হওয়ার নেপথ্যে তিতাসের এক শ্রেণির অসাধু কর্মকর্তা জড়িত বলে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন।
প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ বলেন, তিতাসকে ভয় পাবার কিছু নেই। তিতাসের অসাধু কোন কর্মকর্তা-কর্মচারী হয়তো আপনাদের কাছে ঘুষ চাইবে। তাকে ঘুষ দেওয়ার কোন কারণ নেই। আমি চোরদের বিরুদ্ধে যেমন যুদ্ধ ঘোষণা করেছি তেমনি দালাল ও অসাধু কর্মকর্তাদেরও বিরুদ্ধে। আমাকে নির্ভয়ে ও গোপনে বিষয়টি জানাবেন। প্রয়োজনে অসাধু কর্মকর্তাকে আটকে আমাকে খবর দিবেন। আমি আমার মেয়াদকালে যতটুকু করতে পারি সেটা করবো। তিতাসকে দালালমুক্ত করা হচ্ছে।
নারায়ণগঞ্জের পুরোনো গ্যাস লাইনগুলো পরিবর্তন করা হবে বলেও জানান হারুনুর রশীদ।
অন্যদিকে তিতাসের এমডি হারুন অর রশিদ বলেছেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা চাহিদা মোতাবেক গ্যাস পান না।
গণশুনানিতে সাধারণ গ্রাহক ছাড়াও শিল্পপতিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে সভাপতির বক্তব্য দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মুনির হোসেন খান ও প্রকৌশলী সাহাদাত হোসেন।




