
কুষ্টিয়ার খোকসায় গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশু ইয়ানুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ইয়ানুর। এ সময় পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় সে। ইয়ানুরের মুখ পানির নিচের দিকে চলে আর পা থাকে ওপরের দিকে।
পরে অন্য শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ইয়ানুরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।




