
খাগড়াছড়িতে অপহরণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাং আবু তাহের এ রায় ঘোষণা করেন। এছাড়া একই মামলায় আরেকজনের এক বছর কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ভিকটিমকে মাটিরাঙ্গা বাজার থেকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করে পরবর্তীতে মারধর করা হয়েছে অভিযোগ করে মাটিরাঙ্গা থানায় ২০১৩ সালে মামলা দায়ের করা হয়। মামলায় নয়জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রাম রমিজ কেরানী পাড়ার মৃত নূর আহাম্মদের ছেলে শাহ আলম (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড, এবং একই ওয়ার্ডের মৃত রঙ্গু মিয়ার ছেলে নুরুল ইসলাম পিসি (৫০) একবছরের কারাদণ্ড।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো। উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষ।




