
নীলফামারীতে ছেলের জন্য কনে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টার দিকে জেলার সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশরাফ আলী জেলা শহরের আনন্দ বাবুরপুল মারকাস মসজিদ পাড়া এলাকার বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে আব্দুল আলীম দক্ষিণ কোরিয়ায় একটি কোম্পানিতে চাকরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধায় মোটরসাইকেল করে বড় ছেলে আব্দুল আলীমের জন্য কনে দেখতে গিয়েছিলেন আশরাফ আলী। কনে দেখে ফেরার পথে খোকশাবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। তিনি রংপুর মেডিকেলে মারা গেছেন। এখনও কোনো অভিযোগ পাইনি। পরিবারের লোকজন জানালে ব্যবস্থা নেওয়া হবে।




