
মানিকগঞ্জ পৌর এলাকায় আফরোজা-রমজান বালিকা মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ মোস্তফা কামালকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, হিফজ বিভাগে অধ্যয়নরত ওই ছাত্রীকে সোমবার বেলা ১১টার দিকে মাদরাসার অধ্যক্ষ তার রুমে ডেকে নেন। পরে তাকে ধর্ষণচেষ্টা করেন। ছাত্রীর ডাক চিৎকারে তাকে ছেড়ে দেন অধ্যক্ষ। পরে ভুক্তভোগী ছাত্রীর বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ওই ছাত্রীর পরিবার। ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারের কেউ এখনও থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে মাদরাসার অধ্যক্ষকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে বলে জানায় সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




