
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতোমধ্যে ৪ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সোমবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ড-১ ও পাউবি-২ এর আওতায় মোট বেড়িবাঁধ আছে ৭০০ কিলোমিটার। এর মধ্যে ৩৫ পয়েন্টে ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে উপকূলীয় জনপদের মৎস্যঘেরগুলো বেশ ঝুঁকিতে রয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান,বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরায় ইতোমধ্যে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এর আগে উপকূলীয় অঞ্চলে ৪ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, উপকূলীয় এলাকায় সরকারি ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্কুল-কলেজসহ ১৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।




