
বগুড়ার ধুনট উপজেলায় ৫০০ টাকার জন্য বন্ধুর কিলঘুষিতে জাকির হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জাকির শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, জাকির হোসেন পাঁচ বছর ধরে মজবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। বাড়ির পাশে একটি মুদি দোকান করে সংসার চালাতেন। ১০ মাস আগে একই গ্রামের বন্ধু জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন জাকির। কিন্তু বন্ধুর পাওনা টাকা পরিশোধ করতে পারছিলেন না জাকির।
শুক্রবার রাতে মুদি দোকানের সামনে পাওনা টাকা নিয়ে জাকিরের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরের ঘুষিতে আহত জাকির। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন পলাতক আছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।




