
উত্তরের জেলা বগুড়ায় প্রচুর পরিমাণে শীতের শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে বাজারে আমদানির পরিমাণ বেশি হওয়ায় দাম কমেছে। সবচেয়ে কম দামের সবজি মুলা প্রতিকেজি পাইকারি বাজারে ১ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়ান গ্রামের দূর্গাপুর মাঠে গিয়ে দেখা যায় শত শত মণ মুলা তুলে ফেলা দেওয়া হচ্ছে।
উপজেলার ছাতিয়ান গ্রামের মুলাচাষি আজিজার রহমান জানান, এবার তিনি ১৫ শতাংশ জমিতে মুলার আবাদ করেন। বাজারে মুলার দাম না থাকায় এবং মুলার গায়ে দাগের কারণে তিনি জমি থেকে নিজেই মুলাগুলো তুলে ফেলে দেন।
আদমদিঘী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি রবি মৌসুমে ৩১৫ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে এবার ৩২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
আদমদিঘী উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী গণমাধ্যমকে বলেন, এবার অন্য সবজির সঙ্গে চাষিরা একসঙ্গে প্রচুর পরিমাণে মুলা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় হাট-বাজারে আমদানিও বেশি। তাই দাম দ্রুত কমে যাচ্ছে।




