
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর গ্রামে মালিকবিহীন ২ কেজি ৫৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এগুলোর বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ৫৩ চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘৫৩ বিজিবির বাখেরআলী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯/২-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব হেরোইন উদ্ধার করে। হেরোইন উদ্ধার করা হলেও অভিযানের সময় কাউকে আটক করা হয়নি’।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে উদ্ধার হওয়া হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।




