
ঝিনাইদহে বাবার ইচ্ছাপূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর রাফাতুজ্জামান প্রান্ত। তিনি শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে পায়রা চত্বর এলাকা ঘুরে জোহান ড্রিমভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাস্তার দুই পাশে হাতি ও বরকে দেখার জন্য উৎসুখ জনতা ভিড় জমায়।
জানা গেছে, ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুর পাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে অনুষ্ঠানে পৌঁছান।
বরের বাবা আবু বকর জানান, তার দীর্ঘদিনের শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পুরণ করতেই বৃহস্পতিবার ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান।




