
পটুয়াখালীর বাউফলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বগা ইউনিয়নে এবং বিকেলে নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সহস্রাধিক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের ভাইস-চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার, নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি চেয়ারম্যান এসএম মহসিন, মার্কেন্টাইল ব্যাংক পটুয়াখালী শাখার প্রধান মো. মোসলেহ উদ্দিন, কালাইয়া শাখা প্রধান আল মামুনসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় কম্বল পেয়ে খুশি হন ওই এলাকার গরীব-দুস্থ ও অসহায় মানুষরা।
এএসএম ফিরোজ আলম বলেন, সমাজের বিত্তবানদের অসহায় মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক সে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি বছর দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কেবল শীতবস্ত্র বিতরণ নয় মেধাবী শিক্ষার্থীদের আবদুল জলিল বৃত্তি প্রদান করে থাকে মার্কেন্টাইল ব্যাংক। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




