
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে নগর ভবনে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে নগরীর উন্নয়নে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটবাসী তাদের মেয়র হিসেবে নির্বাচিত করে আমাকে নগর ভবনে পাঠিয়েছেন। মেয়র হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি বলেন, সিলেটকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমার নির্বাচনি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করবো। অতীতের মতো ভবিষ্যতেও নগরবাসীর ভালোবাসা ও সহযোগিতা চাই। আমি বঞ্চিত হবো না বলে দৃঢ় বিশ্বাস।
প্রসঙ্গত, ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান। শপথের গ্রহণের প্রায় চার মাস পর মেয়রের দায়িত্ব নিলেন তিনি।




