
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে খাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর এক পর্যায়ে এ মারামারির সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিহার হলের ক্যান্টিনে দুপুরের খাবারের সময় বসা নিয়ে শান্ত ও জাহিদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জেরে দুপুর আড়াইটার দিকে মতিহার হলের ছাত্রলীগ নেতারা জাহিদের রুমে গিয়ে তাকে ও তার রুমমেট রিফাতকে মারধর করে হল থেকে বের করে দেয়।
ঘণ্টাখানেক পর জাহিদ ও রিফাতের ওপর হামলার নেতৃত্বদানকারী মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা বঙ্গবন্ধু হলের সামনে হামলার শিকার হন।
বিকেল ৪টার দিকে ভাস্করের লোকজন কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে সাকিবুল হাসান বাকিকে আক্রমণ করে। বাকি রাবি ছাত্রলীগের একটি গ্রুপের নেতৃত্ব দেন। গত অক্টোবরে রাবি ছাত্রলীগের বর্তমান কমিটি গঠনের বিরোধিতা করেছিলেন বাকি।
বাকি গণমাধ্যমকে বলেন, নতুন কমিটি গঠনের বিরোধিতা করায় তারা আমাদের ওপর ক্ষুব্ধ। তাই এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বাকিকে প্লাস্টিক চেয়ার এবং লোহার বেঞ্চ দিয়ে মারধর করা হচ্ছে।
রাবি প্রক্টর আসাবুল হক গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় উভয় পক্ষই ক্যাম্পাসে মিছিল করে তাদের পেশিশক্তি প্রদর্শন করেছে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ক্যাম্পাসকে শান্ত রাখার চেষ্টা করছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মারামারির খবর শুনে পুলিশ ক্যাম্পাসে গিয়ে কিছুই দেখতে পায়নি।




