
বান্দরবানে কারাবন্দি অম্বর থাপা বুড়া (৪০) নামের এক নেপালি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবাসনের নিমিত্তে সকালে বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে অম্বর থাপাকে হস্তান্তর করে।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানায় করা অবৈধ অনুপ্রবেশ মামলায় চার মাসের সাজা ভোগের পর আদালতের রায়ে তাকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেল সুপার জান্নাত-উল ফরহাদ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন তিনি।
এদিকে মুক্তিপ্রাপ্ত বন্দিকে নেপালের দ্বিতীয় সেক্রেটারি ইওজানা বামজান ও রাষ্ট্রদূতের সচিব রেয়া সেত্রী কারাগার থেকে বন্দিকে গ্রহণ করে স্বদেশ প্রত্যাবাসন করেন।
চলতি বছরের ২৮ মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি থানা তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে।




