
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা গুড় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এক গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চারমাথা মোড়ে পূজা খাদ্যভাণ্ডার নামের গুড়ের গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষেণের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। এ সময় দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে হিলিতে গুড়ের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় আমদানি করা গুড়ে উৎপাদনের মেয়াদ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় জরিমানা করা হয়।




