
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) তাকে বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল।
তিনি বলেন, জনস্বার্থে এনায়েতপুরের ওসিকে নাটোর পুলিশ লাইনসে বদলি করা হয়েছে। পঞ্চানন্দের স্থলাভিষিক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আসা পরিদর্শক আব্দুর রাজ্জাক।
জানা যায়, ২ ডিসেম্বর এনায়েতপুরের স্থল ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে যান ওসি। এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সমর্থকরা ছিলেন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি নজরে এলে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারে ইসি বরাবর পত্র পাঠানো হয়।
যোগদানের মাত্র ৭১ দিন পর নাটোর জেলায় বদলি করা হলো ওসি পঞ্চানন্দ সরকারকে। রাতেই তিনি নতুন কর্মস্থলে গেছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।




