
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালত ৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান (৩০)।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ আরটিভি অনলাইনকে জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র্যাব-১১ এর একটি দল টাঙ্গাইল জেলার বাইপাস এলাকা থেকে ডেটোনেটর, বিস্ফোরক দ্রব্য, পাওয়ার জেল, হ্যান্ড গ্রেনেড বডিসহ জেএমবির সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র্যাব রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নাঈম ও তৈয়বুরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার এই রায় দেন।
এর আগে টাঙ্গাইলে একটি মামলায় জেএমবি সদস্য সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আরেকটি মামলায় ১২ বছরের কারাদণ্ড ও অপর একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
জেবি




