
নড়াইলে অস্ত্র মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেনকে(৪৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর জেলার লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের আব্দুর সাত্তার মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের আট আগস্ট আলমগীর হোসেনকে নিজ বাড়ি থেকে একটি ওয়ান স্যুটারগানসহ আটক করে পুলিশ।
এ ঘটনায় লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।
মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আলমগীরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোজাম্মেল হক আরটিভি অনলাইনকে বলেন, অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় দেয়ার সময় মামলার একমাত্র আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
জেবি/এসএস




