
আল-কায়েদার কাছে অর্থ পাঠানো এবং তার বিচার কাজে নিয়োজিত বিচারককে হত্যা ষড়যন্ত্রের দায়ে এক ভারতীয়কে ২৭ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার এই রায় ঘোষণা করেন একটি যুক্তরাষ্ট্রের আদালত। ভারতীয় ওই ব্যক্তি পড়াশোনা উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিলেন। খবর এএফপির।
২০১৫ সালের সেপ্টেম্বরে ভাইসহ গ্রেফতার হওয়া চারজনের অন্যতম একজন ইয়াহিয়া ফারুক মোহাম্মাদ (৩৯)। আরব উপদ্বীপে ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির কাছে ২২ হাজার ডলার পাঠানোয় তাকে অভিযুক্ত করা হয়। আওলাকি হচ্ছেন মার্কিন বংশোদ্ভূত একজন ধর্মীয় নেতা।
ইয়াহিয়া ও অপর দুই জন আওলাকিকে সরাসরি অর্থ দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সালে ইয়েমেনে আসে। আওলাকি আল-কায়েদার প্রভাবশালী নিয়োগ দাতাদের অন্যতম। ইয়েমেনে আওলাকির সঙ্গে তাদের সাক্ষাত না হলেও তারা তৃতীয় এক পক্ষের কাছে অর্থ জমা দেয়।
এদিকে বিচার বিভাগ জানায়, ২০১৫ সালে গ্রেফতার হওয়ার পর ইয়াহিয়া তার বিচার কাজে নিয়োজিত বিচারককে হত্যায় কাউকে ভাড়া করার চেষ্টা করে।
মার্কিন অ্যাটর্নি জাস্টিন হার্ডম্যান বলেন, সে আমাদের নাগরিক, বিচারক ও স্বাধীন বিচার বিভাগের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি। ফলে এখন তাকে সাজা ভোগ করতে হচ্ছে।
উল্লেখ্য, ২০০২ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করার উদ্দেশ্যে ইয়াহিয়া যুক্তরাষ্ট্রে আসে। পরে ২০০৮ সালে এক মার্কিন নারীকে বিয়ে করে ইয়াহিয়া।
ইয়াহিয়া আদালতের তার সব অপরাধের কথা স্বীকার করেন।পরে আদালত এই রায় ঘোষণা করেন।
২৭ বছর কারাভোগের পর ইয়াহিয়াকে ভারতে ফেরত পাঠানো হবে।
এদিকে তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর তিনজনের বিচার এখনো শেষ হয়নি। তবে ওই ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
এপি / এ




