বরগুনার আমতলীর ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই শহীদ মিনার নির্মাণ করেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওই শহীদ মিনারে তারা পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
জানা গেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপন করতে বাঁশ ও কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে।
সরেজমিন দেখা গেছে, কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়, শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ ও কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে পুস্পস্তবক অর্পণ করেছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, তারা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ বানিয়ে শহীদ দিবস পালন করা হয়েছে।




