
রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রিজানপুর ইউনিয়নের বেণীগর গ্রামের কালীতলা খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে কাটারাইফেল, দুটি গুলি, ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আব্বাস সরকার ওরফে খোকন। তিনি জেলার সুজানগর থানার কামার হাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।
পুলিশের দাবি, নিহত আব্বাস একজন চরমপন্থী নেতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, গোপন বৈঠকের সময় পুলিশ কালীতলা খেয়াঘাটে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে আব্বাসের সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশীল কুমার রায় জানান, আব্বাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জেবি/জেএইচ




