
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন শিবালয় উপজেলা যুবলীগ আহ্বায়ক লালন ফকির ও সদস্য রাকিব হোসেন।
জানা যায়, যুবলীগ আহ্বায়ক লালন ফকির ও সদস্য রাকিব হোসেন মোটরসাইকেলে করে শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ. কুদ্দুস বাড়িতে নামিয়ে দিতে যান। পরে ফেরার পথে হামলার শিকার হন তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই দুই নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবালয় থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ হামলার ঘটনায় লালন ফকিরের বড় ভাই বাদী শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহসান মিঠুসহ ১৮ জনের নামে থানায় মামলা করে।
এসএস




