
চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার নাতনি মাদরাসা ছাত্রী সোহানা।
বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার উথলী মোল্লা বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
এদিন বিকেলে জীবননগরের একটি মাদরাসা থেকে নাতনি সোহানাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউনুস। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন ইউনুস আলী ও সোহানা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় মারা যান ইউনুস।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কে/এএ




