
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে ভটভটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনায় নিহতের নাম রাশেদুল বিশ্বাস।
তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সোমবার সকালে রাশেদুল বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাওয়ার জন্য বের হন। পরে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে পৌঁছালে ইট বোঝাই একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ তাকে মৃত বলে জানান।
ডা. সোনিয়া আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাশেদুল বিশ্বাসের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি তোজাম্মেল হক আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর ভটভটির চালক ও সহযোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ভটভটিটি জব্দ করা হয়েছে।
জেবি/পি




