
নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন ট্রাকের চালক মো. সাদ্দাম হোসেন (৩২) ও হেলপার সারোয়ার মিয়া (২০)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কালাম আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকালে মহাসড়কের বেলাব উজেলার দড়িকান্দি এলাকায় ভৈরব থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যান।
এসময় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় পাঠিয়েছে। মরদেহের প্রাথমিক সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।
আহতরা ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসি আরো জানান, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে চালক ও হেলপারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত হেলপারের এক স্বজন জানান, সারোয়ার মিয়ার আয় দিয়ে গরিব সংসারটি কোনোরকমে চলত। তার এই মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে।
জেবি/জেএইচ




