
নরসিংদীর রায়পুরার দরিহাইরমারায় ডাকাতির সময় গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তাঁর বাড়ি হাইরমারা ইউনিয়নের বীরকান্দি গ্রামে।
জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে চার থেকে পাঁচজনের একটি দল দরিহাইরমারা গ্রামে ডাকাতি করতে গেলে ওই এলাকার লোকজন চিৎকার করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী একসঙ্গে হয়ে প্রতিরোধ করতে গেলে ডাকাতেরা পালিয়ে যাবার চেষ্টা করে। তবে এদের মধ্যে জাকির হোসেন নামে এক ডাকাত পালাতে পারেননি। সেসময় গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুরা থানার এসআই আমিরুল ইসলাম বলেন, জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএস




