
শরীয়তপুরে এক ব্যবসায়ীকে পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। পালং মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল করছে।
বিঝারী ইউনিয়নের মেম্বার মোয়াজ্জেম চৌকিদার জানান, নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের মোহাম্মদ ছৈয়ালের ছেলে ভোজেশ্বর বাজারের মুদি ব্যবসায়ী লিয়াকত আলী ছৈয়াল (৩৫)এর সঙ্গে একই গ্রামের মান্নান সরদার, আক্কাছ ছৈয়াল, মজু ওঝা, আঃ সাত্তার ও ফিরোজ ছৈয়ালের সঙ্গে ইরি ব্লক ও ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মশুরা এলাকার দোকান থেকে বাসায় ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে লিয়াকত ছৈয়ালকে কুপিয়ে তার দুপা কেটে ফেলে। আহত লিয়াকতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লিয়াকত ছৈয়ালের স্ত্রী শিল্পী বেগম বলেন, দীর্ঘদিন ধরে লিয়াকত ছৈয়ালের সঙ্গে একই গ্রামের মান্নান সরদার, আক্কাছ ছৈয়াল ও ফিরোজ ছৈয়ালদের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারাই আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
পালং মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সদর হাসপাতালে এসে মরদেহের সুরতহাল করছি। আগামীকাল (রোববার) ময়নাতদন্ত করা হবে।
জেএইচ




