
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ বাগবের এলাকায় ফিরোজ খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার ভোরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ফিরোজ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
পুলিশ জানায়, ফিরোজ মাদক সেবন ও বিক্রি করত। ব্যবসার টাকা-পয়সা নিয়ে এলাকার কয়েক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল। আজ ভোর ৪টার দিকে প্রতিপক্ষরা তাকে দক্ষিণ বাগবের এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসএস




