
যশোর-মাগুরা হাইওয়ে সড়কে বাহাদুরপুরে কেমিক্যালবাহী কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এ ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো দুই জন।
সোমবার রাতে এ যশোর-ঢাকা মহাসড়কের রজনীগন্ধা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এ ঘটনার পর মাগুরা যশোর-ঢাকা মহাসড়কে তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-ঢাকা মহাসড়কের রজনীগন্ধা ফিলিং স্টেশনের পাশে একটি গ্যারেজ আছে। সেখানে রাতে শ্রমিকরা গাড়ির মেরামতে কাজ করছিলেন। এ সময় পাশের বৈদ্যুতিক একটি ট্রান্সমিটারে আগুন লাগে। ওই আগুনে গ্যারেজে পার্ক করে রাখা একটি কাভার্ডভ্যান এবং কয়েকটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। পরে সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই জন আহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি পরিমাণের সম্পর্কে এখনো জানা যায়নি।
এসএস




