
রাজধানীর কালশির বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে। তবে কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি।
পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও নিরূপণ করা সম্ভব হয়নি।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আরটিভি অনলাইনকে জানান, দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো ইউনিট যায়।
আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা দমকল বাহিনীর কর্মকর্তারা জানাতে পারেননি।
এসজে




