
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে পদ্মা নদীর মাঝখানে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ৯টি ফেরি।
বৃহস্পতিবার ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোরে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা রয়েছে পাঁচটি ফেরি। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে একই কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এমতাবস্থায় ৪টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোর থেকে হঠাৎ করে কুয়াশা পড়তে থাকলে পাঁচটা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় ৪টি ফেরি নোঙর করে আছে বলে জানা গেছে।
এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে দু’টি ফেরি পরিবহন লোড করে আছে। ঘন কুয়াশায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।
বিআইডব্লিটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া ফেরি চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস




