
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাগভাণ্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভাণ্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
ভুরুঙ্গামারী থানার ওসি মো. মনিরুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভাণ্ডার যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আরটিভি/এএএ/এস




