নীলফামারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) রাত ১২টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রণজিৎ দাস নামের এক ব্যক্তির বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ১০ ফুটেরও বেশি, অপরটি তুলনামূলকভাবে ছোট।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানার পুলিশ।
তবে বাড়ির মালিক রণজিৎ দাস দাবি করেন, তিনি জানতেন না গাছ দুটি গাঁজার। অন্যদিকে, বসতবাড়িতে এমন গাছ দেখতে পেয়ে বিস্মিত হয়েছেন স্থানীয়রাও।
নীলফামারী সদর থানার এস আই দিলীপ রায় গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ -টি





