নীলফামারীতে নিখোঁজের একদিন পর তিস্তা সেচ ক্যানেলের ব্রিজ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের বানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ রানা (২৫) ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানার মা-বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড়ো হয়েছিলেন। কয়েক মাস আগে মাসুদের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন। এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় এবং এরপর দিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান।
আজ সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম




